রাজধানীর কোরবানির পশুর হাটগুলো কিছুটা জমে উঠেছে— শনিবার সকাল থেকে হাটগুলোতে ছিলো ক্রেতার উপস্থিতি।
তবে হাটে পশুর দাম এবার বেশি হওয়ায় দীর্ঘ সময় নিয়ে দরদাম যাচাই করে পশু কিনতে হচ্ছে ক্রেতাদের। দাম ভালো পাওয়ায় পশুর ব্যাপারী ও হাট কর্তৃপক্ষ বেশ খুশি। আগামী দুদিনে পশু বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের।
দরদাম যাচাই করে হাট থেকে কোরবানীর পশু কিনছেন ক্রেতারা। দীর্ঘ সময় দেখে শুনে পশু কিনতে হচ্ছে তাদের। দাম যাই হোক অবশেষে পছন্দের কোরবানীর পশুটি কিনতে পেরে খুশি তারা।
সকাল থেকেই হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। ঈদে ঘনিয়ে আসায় হাটগুলোতে ক্রেতার ভিড় বাড়ছে। হাটে দেশীয় পশুর সরবরাহ পর্যাপ্ত হলেও এবার দাম ২৫/৩০% বেশি- বলছেন ক্রেতারা।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আসিয়ান সিটি এলাকায় অস্থায়ী পশুর হাটের চিত্র এমনটাই।
তবে ব্যাপারিরা বাড়তি দামের কারণ হিসেবে পশুর পেছনে নানা খরচের কথা বলছেন।
ব্যাপারিদের পাশাপাশি হাটে ফার্মের মালিকরাও পশু নিয়ে এসেছেন। এক্ষেত্রে হাটে আসা অষ্ট্রেলিয়ান ষাড়ই ক্রেতাদের নজর কেড়েছে। এর দাম হাকা হচ্ছে ১৫ লাখ টাকা।
বিক্রেতা হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রত্যাশা আগামী ২/১ দিনে হাট আরো জমে উঠবে। আর দাম সহনীয় পর্যায়ে থাকবে— এমনটাই প্রত্যাশা ক্রেতাদের।
এদিকে, ভারতীয় গরু আমদানি না করেই পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে দেশের হাটগুলোতে। বিভিন্ন হাট ঘুরে দেখে শুনেই পছন্দের কোরবানির পশু কিনছেন ক্রেতারা। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি বলে অভিযোগ তাদের।
আর পশু খাদ্যের দাম বাড়ায় কোরবানির পশুর দামও বেশি বলে দাবি বিক্রেতাদের। এদিকে, গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশেই বসেছে বেআইনী পশুর হাট। যানজট তৈরিতেও প্রভাব ফেলছে এ অবৈধ হাটগুলো।
উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পাবনা ঈশ্বরদী উপজেলার অরনকোলা হাট। কোরবানি ঈদকে সামনে রেখে পুরোদমে জমে উঠেছে হাটটি। প্রতিদিন প্রায় কোটি টাকার পশু বেচাকেনা চলছে এখানে।
অরনকোলা হাটের মতো পাবনার অন্যান্য হাটগুলোতেই দূর দূরান্ত থেকে কোরবানির পশু এনেছেন বিক্রেতারা। তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
ক্রেতা-বিক্রেতার পদভারে সরগরম পঞ্চগড়ের হাটগুলোও। কিছু ভারতীয় গরু অবৈধভাবে আসলেও দেশি গরুর কাছে পাত্তাই পাচ্ছে না সেগুলো।
তবে গত বছরের তুলনায় গরুর দাম এবার অনেক চড়া বলেই অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লোকসান ঠেকাতেই দাম বাড়িয়ে দেয়া হয়েছে।
গাজীপুরের দুটি মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। মহাসড়কের পাশে হাট না বসাতে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীর নির্দেশণার পরও চলছে এসব অবৈধ হাট। এতে যানজটে ভোগান্তির আশঙ্কা করছেন এলাকাবাসী।
যদিও মেয়র বলছেন, পর্যাপ্ত জায়গার অভাবে মহাসড়কের পাশে এবং একটি সড়কের ওপর হাট বসছে। তবে এসবের কারণে যেন দুর্ভোগ না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।