আজ (শুক্রবার) শুভ মহালয়া— দেবীপক্ষের মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার ক্ষণ গণনা। ভোরে চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে ভক্তের পূজা নিতে আবাহন করা হয়।
এরইমধ্য দিয়ে সারাদেশে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা প্রকাশে এলো। মহালয়া উপলক্ষে ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপে ছিলো জাঁকজমকপূর্ণ আচার-আনুষ্ঠানিকতা।
শাস্ত্র মতে মহালয়া অর্থ হচ্ছে মহান আলোয় দূর্গতিনাশিনী দেবী দূর্গাকে আবাহন। শঙ্খের ধ্বনি আর চন্ডীপাঠের মধ্যদিয়ে ধরিত্রীতে আবাহন জানানো হয় ত্রিনয়নাকে। পনেরো দিন পিতৃপক্ষের পর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবী পক্ষের। এরমধ্য দিয়েই শুরু হয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।
সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চন্ডিপাঠের আয়োজন করা হয়। দেবী মায়ের আগমনে উচ্ছসিত ভক্তরা।
পঞ্জিকা মতে, দেবী মর্তলোকে এবার আসছেন ঘোড়ায় করে আর যাবেনও ঘোড়ায়।
সারাদেশে শারদীয় দূর্গোৎসবের সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পূজারিরা।
এদিন অনেকেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল, জল এবং পিণ্ড দানও করেন। এর নাম তর্পন।
আগামী শুক্রবার ষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।