শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ-শুক্রবার মহাষষ্ঠীতে নানা আচার-অর্চনায় দেবীর আনুষ্ঠানিক অধিষ্ঠান হয়েছে মণ্ডপে মণ্ডপে। কাল শুরু হবে মূল পূজা।
পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার আসছেন ঘোড়ায় চড়ে, ফিরে যাবেনও ঘোড়ায়। দুর্গোৎসব উপলক্ষে পৃথক পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী।
ঢাকে কাঠি পড়লো, শঙ্খ ধ্বনিতে মুখরিত হলো চারিদিক। আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ষষ্ঠী পূজা। এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি পূজামণ্ডপে হচ্ছে দুর্গাপূজা যা গতবারের চেয়ে ৩২১ বেশি।
ভক্তরা সকাল থেকেই ষষ্ঠী পূজার জন্য ভিড় করতে থাকেন মণ্ডপের পাশে বেল গাছতলায়। দেবীর কাছে নিজেদের সুখ সমৃদ্ধির প্রার্থনা ধূপ-ধুনো জ্বালিয়ে করজোড়ে প্রার্থনা ভক্তদের।
পূজা উপলক্ষে আনন্দ, উৎসবের আমেজ তাদের মধ্যে। পূজা শেষে পবিত্র হওয়ার বাসনায় ধূপের ধোয়া আর পূষ্পাঞ্জলী দিয়ে দেবীর প্রতি ভক্তি প্রকাশ করেছেন ভক্তরা।
শরৎকালে শত্রু বধ করেছিলেন বলে দেবী দুর্গার আরেক নাম শারদেশত্রুনাশিনী— লোকালয়ে দেবীর আগমণ তাই পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দূর করবে জানান পুরোহিত রণজিৎ চক্রবর্তী
শুক্রবার মহাসপ্তমীতে মণ্ডপে শুরু হবে মূলপূজা।
এদিকে, সকাল থেকেই সারাদেশের মণ্ডপগুলোতে শুরু হয় দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। ধুপ-ধুনার গন্ধে, ভক্তদের আগমণ ও ঢাকের বাজনায় প্রতিটি মণ্ডপ মুখরিত হয়ে উঠেছে। সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজায় ভক্তদের সর্বজনীন মঙ্গল কামনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
সকালে ষষ্ঠীর বোধনের মধ্য দিয়েই আজ মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন দেবী দুর্গা।
এদিকে, নোয়াখালীতে আজ দুপুরে উদ্বোধন করা হয় ৭১ ফুট উঁচু দুর্গা প্রতিমা। মা দুর্গাকে বরণ করে নেয়ার জন্য সকাল থেকেই বিভিন্নভাবে আরাধনার মাধ্যমে প্রস্তুতি নেন পূজারীরা। প্রতিমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৫ লাখ টাকা ।
নাটোরে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে ষষ্ঠী পূজা। সকালে এ পূজার মধ্য দিয়ে জেলার ৩৪৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতিসহ নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে ষষ্ঠী পূজা।
ধামরাইয়ে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে ১৭৭টি মন্দিরে দেবীর বোধন ও মহা ষষ্ঠী পুজার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে দূর্গা পূজা। পূজাকে কেন্দ্র করে গোটা ধামরাই সাজানো হয়েছে আলোক সজ্জায়। বৃহস্পতিবার রাতে দেবীর বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে শুরু হয়েছে দুর্গা পূজা।
এদিকে, যশোর, খুলনা, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, মাদারীপুর ও দিনাজপুরসহ সারাদেশের মণ্ডপগুলোতেও আজ মহা ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা।