এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস।
দেশটিতে অর্ধ শতকেরও বেশি সময়ের গৃহযুদ্ধ অবসানে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে ভূষিত হলেন তিনি। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে হুয়ান সান্তোসের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
সব জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে অবশেষে ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে নরওয়ের নোবেল কমিটি। স্থানীয় সময় শুক্রবার সকালে নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান কাচি কুলমান বিজয়ীর নাম ঘোষণা করেন।
দৌঁড়ে থাকা তিনশত ৭৫ প্রতিযোগীকে টপকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। বায়ান্ন বছর ধরে দেশটিতে চলা গৃহযুদ্ধ অবসানে বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান তিনি।
দীর্ঘ চার বছর ধরে আলোচনার পর গত ২৩ সেপ্টেম্বর ফার্ক নেতা টিমোশেনকোর সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন তিনি। পরে অবশ্য গণভোটে দেশটির জনগণ এই শান্তিচুক্তির বিপক্ষে রায় দেয়।
বায়ান্ন বছর ধরে চলমান গৃহযুদ্ধে কলম্বিয়ার দুই লাখ ষাট হাজার মানুষের প্রাণহানি ঘটে। আর ৬০ লাখেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়।
গৃহযুদ্ধ অবসানে প্রেসিডেন্ট হিসেবে হুয়ান সান্তোসের এই প্রচেষ্টার প্রশংসা করেছে নোবেল কমিটি। নাম ঘোষণা অনুষ্ঠানে কমিটির মুখপাত্র বলেন, ফার্কের সঙ্গে শান্তিচুক্তির ফলেই রক্তাক্ত সংঘাত শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়েছে।
তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় নোবেল কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হুয়ান ম্যানুয়েল সান্তোস। আগামী ১০ ডিসেম্বর অসলোতে অনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।