শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে আজ- রোববার দেবী বন্দনার পাশাপাশি বিপুল আড়ম্বরে হয়ে গেল কুমারী পূজা।
বরাবরের মতো এবারও কুমারী পূজার আয়োজন করে ঢাকার রামকৃষ্ণ মিশন মঠ।
এ উপলক্ষে মঠে ভক্ত, পূজারী ও দর্শণার্থীদের ঢল নামে। সনাতন ধর্ম মতে, মা ই মহাশক্তির আধার। আর পৃথিবীর সবকিছুই মায়ের হাতে। তাই অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়। মহাঅষ্টমী তিথিতে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস অষ্টমী তিথিতে প্রতিটি নারীর মাঝেই দুর্গা মাতৃরূপে প্রস্ফুটিত হন। আর তাই মায়ের রূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে পূজা করা হয়। হিন্দুপুরাণ অনুযায়ী মাতৃজ্ঞানে কুমারী দেবীকে ষোলটি নামে ডাকা হয়ে থাকে। এবার দুর্গা রূপে কুমারী পূজিত হলেন "কুবজিকা" নামে।
ইতিহাস থেকে জানা যায়, ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কোলকাতায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা করেন। যা এখনো চলছে। বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশের রামকৃষ্ণ মিশন মঠ নানা আনুষ্ঠানিকতা মেনে কুমারী পূজার আয়োজন করে।
নিয়ম অনুযায়ী ষোলটি উপকরণ দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। এ অঞ্জলির মাধ্যমেই দেবী দুর্গার কাছে তারা সকল চাওয়া-পাওয়া তুলে ধরেন।
এদিকে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ৯৩৯টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। অষ্টমী তিথি উপলক্ষে নগরীর দোলখেলা শীতলাবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী কুমারী পূজা। পূজামণ্ডপের আশেপাশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
নাটোরে মায়ের পায়ে অঞ্জলি দিতে সকাল থেকেই মণ্ডপগুলোতে ভিড় করেন পুজারী ও ভক্তরা। শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ও ঢাকের শব্দে মুখরিত হয়ে ওঠে জেলার মণ্ডপগুলো।
মন্ত্র পাঠ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহের ৭১০টি পূজা মণ্ডপে চলছে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা।
সকালে হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন মঠে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবার প্রথম শ্রেণির স্কুল ছাত্রী ঐশি আচার্য্যকে স্নান করিয়ে নতুন কাপড়ে সুসজ্জিত করে আসনে বসিয়ে পূজা করা হয় কুমারী মাকে।
ধুমধামের সঙ্গে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে মহাঅষ্টমী পূজা। আর এ পূজার মূল আকর্ষণ ছিল কুমারী পূজা। জেলায় এবার ৫৭৫ টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া, কুমিল্লা, রাজবাড়ী, যশোর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, নেত্রকোণায় মহাঅষ্টমীর পূজা উদযাপিত হয়।