অবৈধভাবে বিদেশি চ্যানেল ডাউনলিংক করে একটি মহল বিজ্ঞাপন প্রচার করায় দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মিডিয়া ইউনিটির নেতারা।
রোববার দুপুরে ঢাকা ক্লাবে এক সমাবেশে বেসরকারি টেলিভিশন মালিক, মিডিয়া কর্মী, নাটক ও বিজ্ঞাপন নির্মাতাদের সঙ্গে সাংবাদিক নেতারাও সংহতি প্রকাশ করেন।
সিঙ্গাপুর থেকে যেসব বাংলা চ্যানেল ডাউনলিংক করে সম্প্রচার করা হয় সেগুলো বন্ধের দাবি জানানো হয় সেইসঙ্গে ডাব করা বিদেশি অনুষ্ঠান প্রচার বন্ধেরও দাবি উঠেছে। এভাবে বিজ্ঞাপন বিদেশে চলে গেলে দেশের মিডিয়া ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেন।
অবৈধভাবে বিদেশি চ্যানেল ডাউনলিংক ও ডাব করা বিদেশি অনুষ্ঠানে প্রচার বন্ধের দাবিতে ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, কলাকুশলী ও বেসরকারি টেলিভিশন মালিকদের নিয়ে গঠিত মিডিয়া ইউনিটি ঢাকা ক্লাবে একটি সমাবেশের আয়োজন করে।
বিদেশি চ্যানেলের নামে বিজ্ঞাপনের অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন নাট্যকর্মীরা।
নাট্য অভিনেতা শহিদুজ্জামান সেলিম বলেন, ডাবিং করা বিদেশি অনুষ্ঠানের জন্য দেশের নাটকের বাজেট কমে গেছে— একারণে নাটকের মানও কমে যাচ্ছে।
দেশে অনেক ভালো ভালো নির্মাতা রয়েছেন উল্লেখ করে দেশীয় চ্যানেলেগুলোতে ডাব করা বিদেশি অনুষ্ঠান বন্ধ করার দাবি জানান বিজ্ঞাপন ও অনুষ্ঠান নির্মাতা হানিফ সংকেত ও গাজী রাকায়েত।
এই মহলটির বিরুদ্ধে দাঁড়াতে মিডিয়া সংশ্লিষ্টদের এক হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। এভাবে চলতে থাকলে দেশীয় চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন বুলবুল, মাহফুজুর রহমান, মোজাম্মেল বাবু, সালমান এফ রহমান।