আনন্দমুখর পরিবেশে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। গোপালগঞ্জসহ আশপাশের জেলার হাজার হাজার দর্শক উপভোগ করেন ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই। ঐতিহ্যবাহী এ খেলা যেন এ অঞ্চলে টিকে থাকে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এক সময় গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই হতো। পরবর্তীতে মাঠ স্বল্পতার কারণসহ বিভিন্ন ধরনের প্রতিকূলতায় বিলুপ্ত হতে থাকে এ খেলা।
প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে গোপালগঞ্জের সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘোষেরচর মাঠে বেশ কয়েক বছর ধরে আয়োজন করা হচ্ছে এ ষাঁড়ের লড়াই। প্রতি বছরের মতো এবারো এখানে ষাঁড়ের লড়াই হয়।
এ লড়াইয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইলসহ আশপাশের জেলার ৩০টি ষাঁড় অংশ নেয়। ঐতিহ্যবাহী এ লড়াই দেখতে ভিড় করেন নারী, পুরুষসহ হাজার হাজার দর্শক। হারিয়ে যাওয়া এ খেলা দেখতে পেয়ে খুশি দর্শকরা।
গোপালগঞ্জের মাসুদ শেখের ষাঁড় প্রথম, আব্দুল রাজ্জাক ফকিরের ষাঁড় দ্বিতীয় এবং বাগেরহাটের কামরুল শেখ ও ইকবাল শেখের ষাঁড় যৌথভাবে তৃতীয় হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
হারিয়ে যেতে বসা এ লড়াই যাতে এ অঞ্চলে টিকে থাকে তার ব্যবস্থা করা হবে বলে জানালেন আয়োজকরা।