দেশ-বিদেশের খ্যাতনামা চারুশিল্পীদের নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার চারুকলা বিষয়ক অন্যতম বৃহৎ প্রদর্শনী এশীয় চারুকলা প্রদশর্নী।
স্বাগতিক বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৪টি দেশ এতে অংশ নিচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চারুকলা বিষয়ক ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদশর্নী। মাসব্যাপী এ প্রদর্শনীতে দেখানো হবে বাংলাদেশের ৫৪টি ছাড়াও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৩টি দেশের ১৫০জন শিল্পীর ২৬০টি শিল্পকর্ম।
বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধনীতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে শিল্প-সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে সহায়ক হবেন শিল্পীরা।
বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ বাংলাদেশকে বিশ্বে সংস্কৃতিমনা জাতি হিসেবে তুলে ধরবে বলে জানান সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এর আগে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পকর্মের মধ্যে তিন জনকে গ্রান্ড পুরস্কার ও ৬ জনকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করেন অর্থমন্ত্রী।
উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী ইয়ং চোল।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।