বলিউড তারকা সালমান খানকে অস্ত্র আইন মামলা থেকে অব্যাহতি দিয়েছে ভারতের যোধপুর আদালত। বেআইনিভাবে লাইসেন্স-বহির্ভূত অস্ত্র রাখা বিষয়ক মামলাটি সালমান খানের উপস্থিতিতে বুধবার শুনানি হয়।
মামলার শুনানিতে বিচারক সালমানকে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসা করে এবং রায় পড়ে শোনান। পরে রায় পড়া শেষে সালমান খান নির্দোষ বলে জানানো হয়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালমান খানকে ‘বেনিফিট অফ ডাউট’ গ্রাউন্ডে ছেড়ে দেয়া হয়।
সালমানের আইনজীবীর বরাত দিয়ে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, তার কাছে শুধুমাত্র এয়ারগান ছিল—কোনো রকম আগ্নেয়াস্ত্র ছিল না।
এ প্রসঙ্গে সালমানেরও বক্তব্য যে, তাকে ফাঁসানো হয়েছে এ মামলায়।
উল্লেখ্য, প্রায় ১৯ বছর আগে একটি হিন্দি ছবির শ্যুটিং করতে গিয়ে ২টি কৃষ্ণসার হরিণকে হত্যার অভিযোগ উঠেছিল বলিউড সুপারস্টার সালমান খান, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলমের বিরুদ্ধে। এছাড়াও বেআইনি অস্ত্র রাখার অভিযোগও ওঠে সালমানের বিরুদ্ধে।
এরইমধ্যে বন্যপ্রাণী হত্যা মামলায় রাজস্থান হাইকোর্ট নির্দোষ ঘোষণা করে সালমান খানকে। তবে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে রাজস্থান সরকারের পক্ষ থেকে।