প্রাথমিকসহ শিক্ষা কার্যক্রমে 'আদর্শ লিপি' অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ভাষাসংগ্রামীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
একই সঙ্গে শিশুদের বাংলা বর্ণমালা লেখার হাতেখড়িতে আরো বেশি নজর দেয়ার জন্য অভিবাবকদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বর্ণ লিখন প্রতিযোগিতায় তারা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, শিশুদেরকে বাংলা বর্ণমালার সঙ্গে পরিচিতি ঘটাতে হবে এবং ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে-তবেই বাংলা ভাষা যুগে যুগে সমুন্নত থাকবে।
বর্ণবৃক্ষ-আর এই বৃক্ষের তলে বসে শিশুরা লিখছে বাংলা বর্ণমালা। অনেকের আবার এখানেই ঘটছে বর্ণমালা লেখার হাতেখড়ি।
কোমলমতি এই শিশুরা প্রতিযোগিতায় নিমগ্ন-- কে কত সুন্দর করে লিখতে পারে মাতৃভাষার বর্ণমালা।
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে 'এসো রক্তে ভেজা বর্ণমালা-সুন্দর করে লিখি'-এই শ্লোগানকে ধারন করে বর্ণ লেখার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এমন প্রতিযোগিতার উদ্দেশ্যের পাশাপাশি কিছু দাবিও তুলে ধরা হয়।
শিশুদের লেখার হাতেখড়ি হোক বাংলা বর্ণমালা দিয়ে পাশাপাশি বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে তাদের জানাতে ও উদ্বুদ্ধ করতে সরকারকে এ বিষয়ে আরো নজর দিতে তাগিদ দেন ভাষাসংগ্রামীসহ বিশিষ্টজনেরা।
অভিবাবকরাও এ ধরনের প্রতিযোগিতার নানা সুফল তুলে ধরেন।