চলে গেলেন সঙ্গীত জগতে 'রক অ্যান্ড রোল' কিংবদন্তী চাক বেরি। শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় পুলিশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সেইন্ট চার্লস কাউন্টির পুলিশ ফেইসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, চাক বেরির কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুপুরের দিকে তিনি মারা যান।
তবে প্রাথমিকভাবে এ সঙ্গীত শিল্পীর মৃত্যুর কারণ জানা যায়নি। সুরকার, গীতিকার, গিটার বাদক ও গায়ক চার্লস এডওয়ার্ড বেরিকে ১৯৮৪ সালে আজীবন সম্মাননা হিসেবে গ্র্যামি পুরস্কার দেয়া হয়। সত্তর বছর ধরে সঙ্গীতে অবদান রাখা এই কিংবদন্তী 'রোল ওভার বিথোভেন', 'জনি বি. গুডের' মতো ক্ল্যাসিক উপহার দিয়েছেন।
বিগত ১৯২৬ সালের ১৮ অক্টোবর মিজৌরির সেইন্ট লুইসে এক মধ্যবিত্ত পরিবারে চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরির জন্ম।
চাক বেরির রেকর্ডিং ক্যারিয়ার শুরু হয় ১৯৫৫ সালে। 'মেবেলিন' নামের ওই অ্যালবাম তাকে খ্যাতি এনে দেয়। পরের কয়েক বছরে তার গান কিশোর তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে।
গিটার বাদনে অভিনবত্ব ও প্রাণবন্ত পরিবেশনার মাধ্য দিয়ে তখনকার আমেরিকান সমাজের শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ভেদরেখা মুছে দিতে পেরেছিলেন চাক বেরি।
সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে তাকে গ্র্যামিতে আজীবন সম্মাননা দেয়া হয়। ১৯৮৬ সালে তার নাম যুক্ত হয় রক অ্যান্ড রোলের হল অফ ফেইমে।
চাক বেরির পরের প্রজন্মের বহু খ্যাতিমান শিল্পী তার গান গেয়েছেন। বিটলস আর রোলিং স্টোনস এর মত ব্যান্ড চাক বেরির গান পৌঁছে দিয়েছে তাদের সময়ের শ্রোতাদের কাছে।