বলিউডের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিনোদ খান্না মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের গিরগাওয়ে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ অভিনেতা।
ছেলে রাহুল খান্না জানিয়েছেন, গত শুক্রবার ভয়াবহ ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১৯৬৮-তে বড় পর্দায় অভিষেক থেকে ১৪০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। টিপিক্যাল ম্যাটিনি আইডল এ নায়ক তার পরিশীলিত, শহুরে আবেদনের জন্য বিখ্যাত ছিলেন।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুদর্শন এ অভিনেতা অ্যাকশন রোলেও ছিলেন দুর্দান্ত। অমর-আকবর-অ্যান্টনি, পারভারিস, হেরা ফেরি, মুকাদার ক্যা সিকান্দারসহ একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
পাঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্রের বিজেপির সংসদ সদস্যও ছিলেন বিনোদ খান্না।