জনপ্রিয় মার্কিন ব্যান্ড লিনকিন পার্কের প্রধান গায়ক চেস্টার বেনিংটন আত্মহত্যা করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় লস অ্যাঞ্জেলসের বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেছেন। ৪১ বছর বয়সী বেনিংটন ওই বাসায় একাই থাকতেন।
এদিকে, বেনিংটনের বন্ধু আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্রিস কর্নেল গত মে মাসে আত্মহত্যা করেন। বন্ধুর শেষকৃত্যে গানও করেছিলেন বেনিংটন।
গতকাল ছিল কর্নেলের ৫৩তম জন্মদিন। এদিনই পৃথিবী থেকে চলে গেলেন বেনিংটন। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বেনিংটনের ব্যান্ড লিনকিন পার্ক ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সারা পৃথিবীতে সাত কোটি অ্যালবাম বিক্রি করেছে।
কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দুইবার 'গ্র্যামি অ্যাওয়ার্ড' পেয়েছে এই ব্যান্ড। বেনিংটন স্ত্রী, ৬ সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।