বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আবারও হাতপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
দিলীপের পরিবারের সদস্যরা ভারতীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছে, কিডনিতে সমস্যা ও পানিশূন্যতার কারণে এ অভিনেতা হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতবছর থেকে বেশ কয়েকবার স্বাস্থ্যগত সমস্যার জন্য একই হাসপাতালে তাকে ভর্তি থাকতে হয়।
সর্বশেষ গত বছর ডিসেম্বরে দিলীপ কুমার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রচণ্ড জ্বর ও পা ফুলে যাওয়ায় চিকিৎসা নিয়েছিলেন তখন। এখন তাকে লীলাবতী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখতে চান। আপাতত ৯৪ বছর বয়সী এই অভিনেতার অবস্থা অপরিবর্তিত আছে।
ভারতের এ কিংবদন্তি অভিনেতার নাম মোহাম্মদ ইউসুফ খান। তিনি চলচ্চিত্রে এসে নাম বদলিয়ে দিলীপ কুমার হন। পরবর্তী সময়ে এ নামেই তিনি প্রতিষ্ঠিত হন। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ছয় যুগের ক্যারিয়ারে দিলীপ কুমার ‘মধুমতী’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’সহ অসংখ্য ছবিকে অসামান্য অভিনয়ের কল্যাণে জনপ্রিয় করেছেন। ‘বাবুল’, ‘আন্দাজ’, ‘দিদার’, ‘মেলা’ ছবিতে তার চরিত্র ও অভিনয়ের কারণে তিনি ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে দিলীপ কুমারকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল।
দিলীপ কুমারদিলীপ কুমার ২০১৫ সালে ভারতের বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ পান। ১৯৯১ সালে দিলীপ কুমার পেয়েছিলেন ‘পদ্মভূষণ’ আর ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য তাঁকে ‘দাদাসাহেব ফালকে’ সম্মাননায় ভূষিত করা হয়েছিল।
চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্তির কারণে ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার সর্বোচ্চ পুরস্কার পাওয়া ভারতীয় অভিনেতা হিসেবে গিনেস বুকেও জায়গা করে নেন। ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’, ‘দাদাসাহেব ফালকে’, ‘এনটিআর’, ‘ফিল্ম ফেয়ার’সহ অসংখ্য পুরস্কার পাওয়ায় এই ভারতীয় অভিনেতার নাম গিনেস বুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনেত্রী সায়রা বানু তাঁর স্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস।