প্রয়াত নায়করাজ রাজ্জাকের স্মরণে শনিবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আয়োজিত স্মরণসভায় আবেগমথিত হয়ে পড়েন তার ছেলে বাপ্পারাজ।
শনিবার রাজধানীর ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অস্থিরতা নিয়ে কথা বলেন তিনি।
একসময়কার জনপ্রিয় এ নায়কের কণ্ঠে তার বাবাকে আত্মার শান্তির জন্য, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হলেও সবাইকে এক ছাদের নিচে আসার অনুরোধ করেন।
বাপ্পারাজ বলেন, আমার বাবা চলে গেছে তার উসিলায় তার সম্মানে, আজ থেকে আমরা এই নিষিদ্ধ খেলাটা বন্ধ করে দিই। আমরা আমাদের পরিবারের সদস্যদের বুকে নেয়ার অভ্যাসটা গড়ে তুলি, যদি যুদ্ধ করতে হয় আমাদের বাইরের কোনো লোকের সঙ্গে যুদ্ধ করবো নিজেদের মধ্যে না।
বাপ্পারাজ বলেন, আজকে এটাই বলে গেলাম, হয়তো এটাই আমার শেষ আসা, আমি ফিল্মে আর কোনো দিনই আসব না। যদি আমি কালকে না শুনি যে হ্যাঁ আমরা আবার মিলে গেছি, নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে তাহলে আসব।
নিজেরা নিজেদের সম্মান দিতে না পারায় এই অবস্থা হয়েছে মন্তব্য করেন বাপ্পারাজ।
তিনি বলেন ‘আমরা বলি আমরা পরিবার, কিন্তু সদস্যদের খালি বহিষ্কারই করে দিই। পরিবার কখনো তার সদস্যকে বহিষ্কার করে না, শাসন করে। শাসন করবেন একসঙ্গে থাকবেন। আমাদের মুরুব্বিরা এখনো আছেন। যারা আমাদের শাসন করতে পারে পথ দেখাতে পারে, এজন্য আমাদের বেতের বাড়ি মারার দরকার নেই।
এ প্রজন্মের তারকাদের সিনিয়রদের প্রাপ্য সম্মান করারও অনুরোধ জানান বাপ্পারাজ।
সবাই মিলে-মিশে থাকলেই তার বাবাকে সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে বলে মনে করেন বাপ্পারাজ।
তিনি বলেন, ‘আপনারা অনেকেই বলছেন, রাজ্জাক সাহেব এ, রাজ্জাক সাহেব সেই। রাজ্জাক সাহেব কিন্তু কখনোই বিভেদ করেন নাই, বিভাজন করেন নাই, কাউকে বহিষ্কারও করেন নাই নিষিদ্ধও করেন নাই।
এ সময় অনেকেই নায়ক রাজের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।