ভাষার মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২তম জাতীয় কবিতা উৎসব।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উৎসব দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত এ কথা জানান।
"দেশহারা মানুষের সংগ্রামে কবিতা"-এই শ্লোগানে শুরু হবে এবারের জাতীয় কবিতা উৎসব।
আগামী ১ ও ২ ফেব্রুয়ারিতে দেশ-বিদেশের কবিরা দেশহারা মানুষের সংগ্রামে কবিতার অমল শক্তি নিয়ে সাহস জোগাবেন।
তারিক সুজাত আরো বলেন, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, গণতন্ত্র হনন, যুদ্ধাপরাধের বিচার এবং বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের কবিরা অব্যাহতভাবে সংগ্রাম করছেন।
বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়েছেন— এবারের উৎসবে ভারতের বিভিন্ন ভাষার উল্লেখযোগ্য সংখ্যক কবি অংশ নেবেন।
স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে কবিতা উৎসবের পথ চলা শুরু হয়।