আজ (মঙ্গলবার) পহেলা ফাল্গুন— ঋতুরাজ বসন্তের প্রথম দিন। রাজধানীসহ সারাদেশে বাসন্তীবসনে, নাচে-গানে চলছে বসন্ত বরণ।
সকাল থেকেই নানা প্রস্তুতি নিয়েছে নগরবাসী। বসন্তের ডাকে সাড়া দিতেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছুটে এসেছেন তরুণ-তরুণী, বৃদ্ধসহ নানান বয়সের মানুষ। এখানে বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন গানে ও নৃত্যের তালে তালে বসন্তকে অভিনন্দন জানাচ্ছে।
প্রকৃতির পাশপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রঙ মাখতে। বাসন্তী সাজে সজ্জিত বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর বকুলতলার চারিপাশ। উদ্বোধনী অনুষ্ঠানের পর অনেকে বিভিন্ন রঙ নিয়ে উৎসবে মেতেছেন।
লাল, হলুদ, বাসন্তীসহ নানা রঙের পাঞ্জাবি আর ফতুয়া পড়েছেন ছেলেরা। আর মেয়েরা এসেছেন লাল-হলুদ-বাসন্তী শাড়ি পড়ে, সঙ্গে খোঁপায় গাঁদা ফুল।
বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা, বাহাদুর শাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে একযোগে অনুষ্ঠান চলবে।