চলে গেলেন বলিউডের ৯০ দশকের সুপারহিট অভিনেত্রী শ্রীদেবী। যিনি হিরো নির্ভর হিন্দি সিনেমার সংজ্ঞাই পাল্টে দিয়েছিলেন।
প্রায় একার হাতে বলিউড ইন্ডাস্ট্রিকে উপরহার দিয়েছেন একের পর সুপারহিট ফিল্ম। ফলে সুপারস্টারের তকমা পেতে খুব বেশি সময় লাগেনি এই অভিনেত্রীর। অভিনয়ে দক্ষতা খুব দ্রুত জয় করে নেন কোটি ভক্তের হৃদয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ শনিবার রাতে দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান বলিউডের সারা জাগানো এ অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। এদিকে, তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
চমৎকার অভিনয়, মোহনীয় চাহনী আর অসাধারণ নৃত্যে যিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন লাখ লাখ দর্শকের হৃদয় তিনি শ্রীদেবী। যাকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার।
১৯৬৩ সালের ১৩ আগস্ট তামিলনাড়ুতে জন্ম নেয়া শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়য়াপন। মাত্র ৪ বছর বয়সে অভিনয় শুরু করেন। শিশুশিল্পী হিসেবে ১৯৭৫ সালে জুলি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ শ্রীদেবীর।
৮০ দশকের পুরোটা জুড়ে ছিল শ্রীদেবীর রাজত্ব। অভিনয়ে দক্ষতা রূপালি পর্দায় তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা।
সাদমা, লামহে চাঁদনী, মিস্টার ইন্ডিয়া, নাগিনসহ অনেক সুপারহিট ফিল্ম উপহার দিয়েছেন তিনি।
শুধুমাত্র হিন্দি সিনেমাতেই নয়, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়--প্রায় ৫ দশক ধরে সবকটি ইন্ড্রাস্টিতেই নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন শ্রীদেবী।
একটানা অভিনয় করে ১৯৯৭ সালে জুদাই ছবির পর নেন দীর্ঘ বিরতি। ১৫ বছর পর ইংলিশ-ভিংলিশ চলচ্চিত্র নিয়ে আবারো বলিউডে বাজিমাত করেন। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবীর শেষ চলচ্চিত্র মম।
অভিনয় জীবনে শ্রীদেবী ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন।
এছাড়াও জি সিনে, বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।
চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৩ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানন পদ্মশ্রীতে ভূষিত হন।
ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে বলিউড চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। জানভি কাপুর ও খুশি কাপুর নামে দুই মেয়ে রয়েছে তার।
পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যান শ্রীদেবী। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউডের সুপারহিট এই অভিনেত্রীর। তার আকস্মিক মৃত্যুতে বলিউড চলচ্চিত্র অঙ্গনসহ ভক্তদের মাঝে নেমেছে শোকের ছায়া।