রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া আজই-সোমবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দুপুর নাগাদ দেশে পৌঁছাবে।
শ্রীদেবীকে শেষ বারের মতো দেখতে সকাল থেকেই ভারসোভায় তার বাংলোতে ভক্তদের ভিড় জমেছে। এই অভিনেত্রীর ইচ্ছা অনুযায়ী তার শেষ যাত্রায় সব কিছু সাদা রংয়ে সাজানো হচ্ছে।
শ্রীদেবী যখন হৃদ্রোগে আক্রান্ত হন, এ সময় রাতের খাবার খেতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন। জুমেইরাহ ইমিরেটস হোটেলে ছিলেন তারা।
এনডিটিভি জানায়, পরিবারের সূত্রের বরাত দিয়ে খলিজ টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই যান শ্রীদেবী সঙ্গে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে শেষে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফেরেন বনি। শ্রীদেবী থেকে গিয়ে ছিলেন, স্ত্রীকে চমকে দিতে বনি শনিবার বিকেলে দুবাই ফিরে যান।
প্রতিবেদনে বলা হয়, বিকেল সাড়ে ৫টার দিকে বনি সামনে গিয়ে শ্রীদেবীকে চমক দেন। তারা প্রায় ১৫ মিনিট একসঙ্গে কাটান।
এ সময় বনি স্ত্রীকে রাতের খাবার খেতে যেতে বলেন। শ্রীদেবী তৈরি হতে প্রসাধনকক্ষে যান। কিন্তু অনেকক্ষণ পরও তিনি বের হননি।
বনি গিয়ে দরজায় টোকা দেন, কোনো সাড়া নেই। তারপর বলপ্রয়োগে দরজা খুলে দেখেন জলভরা বাথটাবে নিথর পড়ে আছেন শ্রীদেবী।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শ্রীদেবী জ্ঞান হারিয়েছেন ভেবে তার চেতনা ফেরাতে অনেক চেষ্টা করেন বনি। কিন্তু ব্যর্থ হয়ে তিনি তার এক বন্ধুকে ডাকেন। এরপর রাত ৯টার দিকে পুলিশকে বিষয়টি জানান।
শোকাহত পরিবারটি জানায়, শ্রীদেবী আর ফিরতে পারলেন না। তার কোনো হৃদ্রোগ ছিল বলে জানা যায়নি।