নবম বর্ষ শেষ করে দশ বছরের পথ চলা শুরুর দিনটিতে দেশ টিভির "দেশ উৎসব" উদযাপনে থাকছে আনন্দ আয়োজন ও সারাদেশে আনন্দ শোভাযাত্রা। দেশ-বিদেশের সব দর্শকের জন্য দেশ টিভির পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও দেশের মানুষের কথা বলতে সংবাদ ও বিনোদনে সুস্থ, সুরুচি ও সময়োপযোগী আয়োজনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের অঙ্গীকার তুলে ধরে আজ থেকে ৯ বছর আগে দেশ টিভির পথ চলা শুরু। (২৬ মার্চ ২০০৯)
দেশ টিভির সব অনুষ্ঠান, সৃজন ও উপস্থাপনায় নানা সীমাবদ্ধতার মধ্যেও এই অবিরাম পথ-পরিক্রমায় দর্শকের ভালবাসাই সবসময়ের শক্তি ও প্রেরণা। সেভাবেই অনুষ্ঠানের নতুনত্ব আর সংবাদ ও মত প্রকাশে বস্তুনিষ্ঠ-নির্ভীক থাকার লড়াই।
দেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির মেলবন্ধনই উঠে আসে দেশ টিভির অনুষ্ঠান ও সংবাদে। সামনের পথচলায়ও দেশটিভি মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।
এবার একদিনের দেশ উৎসব আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান। সারা দেশেই হবে উৎসব শোভাযাত্রা।
২৫ মার্চ সন্ধ্যা ৭ টার সংবাদের পরপরই রশিদ ইকবাল ও শাজহান সৌরভের রচনায়, জুয়েল মাহমুদের পরিচালনায় বিশেষ নাটক "মনে রেখ"।
২৬ মার্চ পুরো দিন জুড়েই দেশ টিভির পর্দায় থাকছে উৎসব-আনন্দের সবকিছু। সকাল ৭ টা ৩০ মিনিটে "উত্তরের ক্ষেপ" চলচ্চিত্রের পর সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত থাকছে দেশ উৎসবের লাইভ আনন্দ আয়োজন। সঙ্গীত পরিবেশনায় লাইসা আহমেদ লিসা, ইয়াসমিন মুশতারী, অপু, মৌটুসী, চন্দনা মজুমদার, আবু বকর সিদ্দিকীসহ আরো অনেকে। গান-কবিতার আয়োজনের পাশাপাশি থাকছে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময়।
স্বাধীনতা দিবস এবং দেশটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট "বিজয় নিশান উড়ছে ওই"। রাত ১১ টা পর্যন্ত সরাসরি সম্প্রচারে থাকা এ আয়োজনে মমতাজ, সোলস, রথীন্দ্রনাথ রায়, শাহিন সামাদ, তিমির নন্দী, ফকির আলমগীর, দিতি সরকার, পারভেজসহ সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এতে।
দেশ উৎসবে দেশের সঙ্গে থাকুন, চোখ রাখুন দেশ টিভির পর্দায়। (উৎসবের রঙে থাকুন দেশের সঙ্গে)