বুলগেরিয়ান বংশোদ্ভূত ফরাসি চিত্রশিল্পী নিকোলাস মেনিভ শনিবার প্যারিসে ৭৮ বছর বয়সে দেহ ত্যাগ করেছেন।
তার পরিবার বুলগেরিয়ার বিটিএ বার্তা সংস্থাকে এ কথা জানায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয়।
মেনিভ গত পাঁচ দশক ধরে ফ্রান্সে কাজ করে গেছেন এবং বিমূর্ত চিত্রকলায় খ্যাতিলাভ করেন।
তার শেষকৃত্য বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে বলে সংবাদ মাধ্যমকে জানান ছেলে আলেক্সজেন্ডার মেনিভ।
প্যারিসে ন্যাশনাল স্কুল অফ ফাইন আর্টস থেকে স্নাতকের পর একের পর এক বিশ্ব ভ্রমণের আগে মেনিভ ফ্রান্সে চলে যান।
ল্যান্ডস্কেপ ও বিমূর্ত চিত্রকলায় প্রসিদ্ধি পাওয়া এই শিল্পীর প্যারিস, লন্ডন, জেনেভাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ১ শ’ ৪০ টিরও বেশি একক চিত্র প্রদর্শনী হয়েছে।
বিশ্বের ৩০ টির মত দেশে ব্যক্তিগত বাড়ি ও জাদুঘরে তার তিন হাজারেরও বেশি চিত্র কর্ম সংরক্ষিত আছে। ১৯৮৯ সালে বুলগেরিয়ায় কমিউনিস্টের পতনের পর মেনিভ প্রায়ই প্রদর্শনীর জন্য তার জন্মভূমিতে ফিরে আসতেন।
সূত্র: এএফপি