বর্ষপূর্তিতে দেশ টিভির ‘দেশ উৎসব’ উদযাপনে থাকছে আনন্দ আয়োজন ও সারা দেশে আনন্দ শোভাযাত্রা। দেশ-বিদেশের সব দর্শকদের জন্য দেশ টিভির পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। দেশটিভির কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় ও লাইভ আনন্দ আয়োজন চলবে।
মুক্তিযুদ্ধের চেতনায়, দেশ ও দেশের মানুষের কথা বলতে, সংবাদ ও বিনোদনে সুস্থ, সুরুচি ও সময়োপযোগী আয়োজনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের অঙ্গীকার তুলে ধরে আজ থেকে ১০ বছর আগে দেশ টিভির পথ চলা শুরু।
দেশ টিভির সব অনুষ্ঠান, সৃজন ও উপস্থাপনায় নানা সীমাবদ্ধতার মধ্যেও এই অবিরাম পথ-পরিক্রমায় দর্শকের ভালবাসাই সবসময়ের শক্তি ও প্রেরণা। সেভাবেই অনুষ্ঠানের নতুনত্ব আর সংবাদ ও মত প্রকাশে বস্তুনিষ্ঠ-নির্ভীক থাকার লড়াই।
দেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির মেলবন্ধনই উঠে আসে দেশ টিভির অনুষ্ঠান ও সংবাদে। সামনের পথচলায়ও দেশটিভি মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।
এবার একদিনের দেশ উৎসব আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান। সারা দেশেই হবে উৎসব শোভাযাত্রা।

বর্ষপূর্তিতে ‘দেশ উৎসব’
২৬ মার্চ দিনভর দেশ টিভির পর্দা জুড়ে থাকছে উৎসব-আনন্দ আয়োজন। সকাল ৭টায় ‘হাঙ্গর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের পর সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকছে দেশ উৎসবের লাইভ আনন্দ আয়োজন।
সঙ্গীত পরিবেশনায় বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, ডালিয়া আহমেদ, রুমানা ইসলাম, চম্পা বনিক, দিঠি, কিরণচন্দ্র রায়, অনিমা মুক্তি গোমেজসহ আরো অনেকে। গান-কবিতার আয়োজনের পাশাপাশি থাকছে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময়।
স্বাধীনতা দিবস এবং দেশটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমগীর হোসেনের প্রযোজনায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বনানীর ট্যাগর ট্যারেস স্টুডিওতে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গানের সন্ধ্যা’।
অনুষ্ঠানে শিল্পী সুবীর নন্দীর উপস্থিতিতে সদ্যপ্রয়াত শাহনাজ রহমতউল্লাহ এবং সুবীর নন্দীর গান পরিবেশন করবেন শিল্পী দিনাত জাহান মুন্নি ও বাদশা বুলবুল।
রাত ১১টা ৪৫ মিনিটে দেশ টিভির পর্দায় থাকছে মহান স্বাধীনতা দিবসের বিশেষ সিনেমা 'ভুবন মাঝি'।
দেশ উৎসবে দেশের সঙ্গে থাকুন, চোখ রাখুন দেশ টিভির পর্দায়।