‘বঙ্গবন্ধু’ শীর্ষক বায়োপিকের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর চরিত্রসহ নামের তালিকা থেকে জানা যায় বঙ্গবন্ধু চরিত্রের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন আরিফিন শুভ।
এ.কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, মাওলানা ভাষানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদকে নির্বাচিত করা হয়েছে। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর ছোটবেলার চরিত্রের জন্য প্রার্থনা দীঘি ও বড়বেলার চরিত্রের জন্য নুসরাত ইমরোজ তিশাকে বাছাই করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও মা চরিত্রে খাইরুল আলম সবুজ ও দিলারা জামান এবং ছোটবেলার সাহেরা খাতুনের চরিত্রের জন্য সঙ্গীতা চৌধুরীর নাম প্রকাশিত তালিকায় উঠেছে। চার নেতার চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন দেওয়ান মো সাইফুল ইসলাম সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), সমু চৌধুরী (কামরুজ্জামান), খলিলুর রহমান কাদেরী (এম মনসুর আলী), ফেরদৌস আহমেদ (তাজউদ্দিন আহমেদ)।
তালিকায় প্রকাশিত অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক), খন্দকার হাফিজ (জেনারেল ওসমানী)। শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া এবং বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া।
শ্যাম বেনেগালের পরিচালনায় আগামী ১৭ মার্চ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।