সম্প্রতি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে শুটিং করেছিলেন আন্তঃসাংগঠনিক নাট্যনির্মাতা আদিবাসী মিজান। সে সময় এ ব্যাপারে নিজের সাংগঠনিক অবস্থা থেকে মন্তব্য করেন শিল্পী সংঘের সভাপতি অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
গত রোববার এ ঘটনার খবর প্রকাশের পর এবার নিজেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন শহীদুজ্জামান সেলিম। গত মঙ্গলবার ছোটপর্দার নির্মাতা সাখাওয়াত মানিকের পরিচালনায় সরকারি ও সংগঠনের নিষেধাজ্ঞা অমান্য করে বিজ্ঞাপনের শুটিংয়ে তিনিসহ অংশ নেন চিত্রনায়ক নিরব, আমন রেজা, চিত্রনায়িকা শিরিন শিলা, সেমন্তী সৌমি, ফখরুল বাশার মাসুম ও নজরুল রাজ।
এ ঘটনায় অবশ্য লজ্জিত হয়েছেন বলে জানিয়েছে শহীদুজ্জামান সেলিম। বলেন, ‘এটি একটি সচেতনামূলক বিজ্ঞাপন ছিল। তাই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করি। ব্যাপারটি এমন হবে আমি বুঝতে পারিনি। বিষয়টি নিয়ে খারাপ লাগছে, আমি নিজেই লজ্জিত।’
গত রোববার নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে শুটিং করে সমালোচিত হন নির্মাতা আদিবাসী মিজান। সে সময় নিজের সাংগঠনিক অবস্থা থেকে সেলিম বলেছিলেন, কাজটি অন্যায় করেছে তাতে কোনো সন্দেহ নেই। সে তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি সবার জন্য বিব্রতকর।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য মিটিং করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। আন্ত:কমিটির সিদ্ধান্ত হলে গণমাধ্যমে বিষয়টি জানাবেন বলে জানান তিনি।
চিত্রনায়ক নিরব এ ব্যাপারে বলেন, ‘সচেতনামূলক কমিনিউটি প্রডাকশনের জন্য কাজটি করতে অংশ নেই। এটি কোনো টেলিভিশনের নয়।’