করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে এই কিংবদন্তি অভিনেতার।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তখনই মধ্য কলকাতার বেলভিউ ক্লিনিকে অভিনেতাকে ভরতি করা হয়। জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবাদপ্রতীম এই শিল্পী। চিকিৎসকের পরামর্শে তাঁর করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে বেলভিউ ক্লিনিকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
করোনা পরিস্থিতির মধ্যে কিছুদিন আগেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন প্রবাদপ্রতীম শিল্পী। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’র শুটিং সম্পূর্ণ করেছিলেন। সিনেমাটিতে অল্প বয়সের সৌমিত্রের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। বেশি বয়সের চরিত্রে সৌমিত্র নিজেও অভিনয় করেন।
এছাড়াও সম্প্রতি এক মিউজিক রিয়ালিটি শোয়ের মঞ্চেও বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । জানা যায় গত ৩০ সেপ্টেম্বর ভারতলক্ষ্মী স্টুডিওতে একটি শ্যুটিং করেন তিনি, সেদিনই তিনি জানান তাঁর শরীর ভালো লাগছে না। ওই ইউনিটে প্রায় ২৫-৩০ জনের কলাকুশলী ছিলেন, সকলকেই করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাকে হারিয়ে জীবনের পথে ফিরে আসুন। এই প্রার্থনাই করছেন কলকাতার শিল্পীমহল ও তাঁর অনুরাগীরা।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।
১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। তিনি একজন আবৃত্তিকারও।