অস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পটিয়ার মারা গেছেন। ৯৪ বছর বয়সে বাহামায় মারা গেছেন তিনি।
শুক্রবার বাহামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছেন।
'লিলিস অফ দ্য ফিল্ড' চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৬৩ সালে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন পটিয়ার। এর ৫ বছর আগে 'দ্য ডিফিয়েন্ট ওয়ানস' চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ১৯২৭ সালের ফেব্রুয়ারি মাসে একটি দরিদ্র পরিবারে জন্ম নেন সিডনি পটিয়ার। বেড়ে ওঠেন বাহামা দ্বীপপুঞ্জে।
অল্প বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করেন। সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর তিনি কিছুদিন বাসন পরিস্কারেরও কাজ করেন তিনি। এরপরই গুণী এ অভিনেতা আমেরিকান নিগ্রো থিয়েটার স্কুল অব ড্রামায় ভর্তির সুযোগ পেয়ে যান। সে সময় চলচ্চিত্রে কৃষ্ণাঙ্গদের ভালো কাজের সুযোগ কম থাকলেও অভিনয়ের গুণে পটিয়ার হয়ে উঠেছিলেন তার সময়ের শীর্ষ অভিনেতাদের একজন। তার অভিনীত অনেক চলচ্চিত্রের মূল উপজীব্য ছিল মার্কিন নাগরিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সামাজিক পরিবর্তন।
১৯৬৭ সালে তিনি 'ইন দ্য হিট অফ দ্য নাইট' চলচ্চিত্রে তিনি অভিনয় করেন একজন গোয়েন্দার চরিত্রে। যিনি সামাজিক কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করেন। 'গেস হু ইজ কামিং টু ডিনার' চলচ্চিত্রে অভিনয় করেন চিকিৎসকের ভূমিকায়। এ সিনেমার চিকিৎসক চরিত্রটি তার শ্বেতাঙ্গ বাগদত্তার সন্দেহপ্রবণ বাবা-মায়ের মন জিতে নেয়।
সিডনি পটিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা। এক শোক বার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন,'সিডনি পটিয়ার তার অভিনয় দিয়ে আমাদের একত্রিত করেছিলেন। একই সঙ্গে তিনি পরবর্তী প্রজন্মের জন্য অভিনয়ের দরজা খুলে দিয়েছিলেন।'
এছাড়াও, মার্কিন সম্প্রচারক এবং সাংবাদিক অপরাহ উইনফ্রেও শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, ‘আমার মাথার ওপরে থাকা সবচেয়ে বড় ছায়াটি আজ সরে গেল।'
সিডনি পটিয়ার হলিউডের একজন অগ্রগামী অভিনেতা এবং একজন সম্মানিত মানবিক এবং কূটনীতিক ছিলেন।