ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। তার নেতৃত্বে আইসিসির সবগুলো শিরোপার জয়ের স্বাদ পেয়েছে ভারত। গেল কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে এখনো নিয়মিত আইপিএল খেলে যাচ্ছেন। সম্ভাব্য প্রায় সবকিছু জয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
এবার পুরোদস্তুর পেশাদার অভিনেতা হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তিনি। নতুন এই জগতেও আলো ছড়াতে চান তিনি। তার অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিওতে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এনডিটিভির খবরে এ সব তথ্য উঠে এসেছে।
ধোনির আপলোড করা ওই ভিডিওর শুরুতেই তিনি বলেন, ‘নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’। এটি সবার সামনে তুলে ধরতে পেরে আমি আনন্দিত।’
এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, ‘অথর্ব’ নামক ওয়েব সিরিজটি রচনা করেছেন রমেশ তামিলমানি। এটি প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। এতে নাম ভূমিকায় থাকছেন মহেন্দ্র সিং ধোনি।
অভিনয় জগতে এই কিংবদন্তির ক্রিকেটার এটিই প্রথম অভিজ্ঞতা নয়। ভারতের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই নিয়মিত বিজ্ঞাপনে অভিনয় করে যাচ্ছেন। বলিউডে তার বায়োপিকও নির্মিত হয়েছে এর আগে।