বাতিল হতে পারে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের পদ। এ ছাড়া কার্যকরী পরিষদ সদস্যের পদ হারাতে পারেন একই পরিষদের ফাইটার চুন্নু।
জায়েদ ও চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ করেছেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিলের দিকনির্দেশনা চেয়েছেন সোহানুর রহমানও।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক চিঠিতে এই দিকনির্দেশনা চান তিনি। এই আবেদনের কারণে নির্বাচিতদের শপথ অনুষ্ঠান কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত ২৮ জানুয়ারি সমিতির নির্বাচনের পর ২৯ তারিখ ফল ঘোষণা করা হয়। ভোট কেনার অভিযোগ এনে সেই ফল বাতিলের জন্য আপিল বিভাগের কাছে আবেদন জানান সোহানুর রহমান। সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়ে আপিল বিভাগের কাছে এ বিষয়ে দিকনির্দেশনা যাবে।
অভিনেত্রী নিপুণের দাবি, জায়েদ খান ভোট কিনেছেন। এ ছাড়া বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার সবাই কাজ করেছেন জায়েদের পক্ষে। নির্বাচনের দিন থেকেই এ অভিযোগ করে আসছেন তিনি। ফল প্রকাশের পর ১৩ ভোটে হেরে যাওয়া নিপুণ জায়েদের একটি ভিডিও জনসম্মুখে প্রকাশ করেন। সেই ভিডিওতে জায়েদ ও তাঁর প্যানেলের কার্যকরী সদস্য পদে বিজয়ী চুন্নুকে ভোটারদের টাকা দিতে দেখা গেছে বলে জোর দাবি জানান নিপুণ। এর পর থেকেই এ নিয়ে এফডিসিতে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সারাদেশে শুরু হয়েছে নানা গুঞ্জণ।