চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, পরিকল্পিতভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা সৃষ্টি করতে চায় একটি মহল। এই চক্রান্তের সঙ্গে সোহানুর রহমান সোহান আর মোহাম্মদ হোসেন জড়িত আছে বলেও অভিযোগ তার।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে জায়েদ খান এ সব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘নির্বাচনী তফসিলে ২৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আপিল নিষ্পত্তি করে ৩০ জানুয়ারি চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা উল্লেখ আছে। সে হিসাবে আপিল নিষ্পত্তি হওয়ার পর আপিল বোর্ডের কোনো এখতিয়ার নেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার। সোহানুর রহমান সোহান আর মোহাম্মদ হোসেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছেন।’
জানা যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী নিপুণ বিভিন্ন অভিযোগ করেছেন আপিল বোর্ডের কাছে। আপিল বিভাগ নিপুণের অভিযোগ আমলে নিয়েছেন। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নিপুনের বক্তব্যকে গুরুত্বের সাথে নিয়ে এ বিষয়ে আইনগতভাবে যা যা করার সবই করবেন বলে জানিয়েছেন।
নিপুনের আবেদনের কারণে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর পদ বাতিলের বিষয়ে দিকনির্দেশনা চেয়েছেন সোহান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা চান তিনি। তবে ওই চিঠি দেওয়ার এখতিয়ার আপিল বোর্ডের নেই বলে অভিযোগ করেছেন জায়েদ খান।
শুক্রবার সন্ধ্যায় তিনি আরও বলেন, ‘নির্বাচনী তফসিলে ২৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আপিল নিষ্পত্তি করে ৩০ জানুয়ারি চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা উল্লেখ আছে। সে হিসাবে আপিল নিষ্পত্তি হওয়ার পর আপিল বোর্ডের কোনো এখতিয়ার নেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার। সোহানুর রহমান সোহান আর মোহাম্মদ হোসেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছেন।’
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানকে পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন জায়েদ খান। ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ নোটিশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকেও পাঠানো হয়েছে। একটি র্নিভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আমরা নির্বাচন কমিশন আর আপিল বোর্ড নিয়োগ করেছিলাম। আমাদের নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে আপিল বোর্ড মৃত। তাদের মেয়াদ শেষ। তারা যে চিঠি দিয়েছে, তার আইনগত ভিত্তি নেই।’
জায়েদ খানের পাঠানো নোটিশের বিষয়ে সরাসরি কিছু না বললেও সোহানুর রহমান সোহান দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমার হাতে একটি আইনি নোটিশ এসেছে। এটা নির্বাচনকে নিয়েই। এখন আমাকে দেখে বুঝতে হবে আসলে কী বলা হয়েছে এতে।'
২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। অন্যদিকে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। এরপর নোট দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ এনেছেন নায়িকা নিপুণ।