২৩ বছর বয়সী রাশিয়ান মডেল গ্রেটা ভেদলারের মরদেহ মিলেছে দুমড়েমুচড়ে রাখা একটি স্যুটকেসে। রাশিয়ান পুলিশের দাবি, গ্রেটার সাবেক প্রেমিক দিমিত্রি কোরোভিন তাকে খুন করেছেন। পুলিশি জেরায় সে কথা স্বীকারও করেছেন।
বছরখানেক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘সাইকোপ্যাথ’ বলে কটাক্ষ করেছিলেন রাশিয়ান মডেল গ্রেটা ভেদলার। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গত বছরের জানুয়ারিতে নিখোঁজ হয়েছিলেন মডেল গ্রেটা। পুলিশের কাছে তার সাবেক প্রেমিক দিমিত্রির দাবি, পরের মাসেই গ্রেটাকে খুন করেন তিনি। ২৩ বছর বয়সী দিমিত্রির কথায়, টাকাপয়সা নিয়ে গ্রেটার সঙ্গে ঝামেলা হয়েছিল তার। সে কারণেই তিনি প্রেমিকাকে খুন করে স্যুটকেসে ভরে ফেলে দেন।
এদিকে, গ্রেটা নিখোঁজ হলেও গত এক বছর ধরে নেটমাধ্যমে তার বহু পোস্ট দেখা গেছে। তদন্তকারীদের দাবি, দিমিত্রিই ওই পোস্টগুলো করতেন। যাতে সকলে মনে করেন, তিনি জীবিত আছেন। এ কথাও স্বীকার করেছেন দিমিত্রি।
তবে গ্রেটার নানা পোস্ট ভেসে উঠতে থাকলেও সন্দেহ জাগে ইউজেনি ফস্টার নামে তার এক বন্ধুর। ইউক্রেনের যুদ্ধে যে খারকিভ শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানকার বাসিন্দা ইউজেনি পুলিশের কাছে গ্রেটার নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। মস্কোর এক বন্ধুর সাহায্যে পুলিশের দ্বারস্থ হন তিনি।
খারকিভের ওই ব্লগারের অভিযোগের ভিত্তিতে দিমিত্রিকে গ্রেপ্তার করেছে রাশিয়ান পুলিশ। রাশিয়ান তদন্তকারী কমিটির এক ভিডিওতে দেখা গেছে, নিজের অপরাধ স্বীকার করছেন দিমিত্রি। কীভাবে তিনি গ্রেটাকে খুন করলেন, তাও জানিয়েছেন।
দিমিত্রির বয়ান, গ্রেটাকে খুন করার পর একটি হোটেলের ঘরে তার দেহের সঙ্গে তিন রাত কাটান। তারপর গাড়িতে করে মস্কো থেকে প্রায় ৫০০ কিমি দূরে লিপেৎসক অঞ্চলে গ্রেটার দেহ নিয়ে যান। ওই গাড়ির পেছনে মালপত্র রাখার জায়গায় একটি স্যুটকেসের মধ্যে রাখা ছিল গ্রেটার দেহ।
সেই গাড়ি ওখানেই রেখে পালিয়ে আসেন দিমিত্রি। বছরখানেক ধরে লিপেৎসক অঞ্চলে ওই গাড়ির মধ্যে স্যুটকেসবন্দি অবস্থায় গ্রেটার মরদেহ পড়েছিল। সম্প্রতি সেটির সন্ধ্যান পায় রাশিয়ান পুলিশ। এর পরই গ্রেপ্তার করা হয় গ্রেটার সাবেক প্রেমিক দিমিত্রিকে।