অবশেষে গুঞ্জন সত্যি হতে চলেছে। আজ বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের তারিখ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা কথা আসলেও গতকাল আনুষ্ঠানিকভাবে রণবীরের মা নীতু কাপুর জানিয়েছেন, আজ ১৪ এপ্রিল রণবীর-আলিয়ার সেই পরমারাধ্য দিন।
বলিউড হাঙ্গামার খবর, গতকাল সাড়ম্বরে হয় রণবীর-আলিয়ার মেহেদি অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন আলিয়ার পরিবারের সদস্যরা, করণ জোহর, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, আদর জৈন, আরমান জৈন, রিমা জৈন, অয়ন মুখার্জি, পূজা ভাট, শাহীন ভাট, রাহুল ভাট, শ্বেতা বচ্চন নন্দা, নাভিয়া নাভেলি নন্দা, লিখিল নন্দাসহ অনেকে।
আজ সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া। সকাল থেকেই চলছে নানা আয়োজন। বরাত অনুষ্ঠান হবে কৃষ্ণ রাজ বাংলোয়। বিয়ের আয়োজন উপলক্ষে এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীরের বাড়ি বাস্তুতে হাজির হয়েছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর সাহনি, সোনি রাজদান ও শাহীন ভাট।
এর আগে পিঙ্কভিলা জানায়, রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা ১৭ এপ্রিল তাজ হোটেলে হতে পারে। তবে তা হচ্ছে না। বলিউড হাঙ্গামার দাবি, বাস্তুতে রিসেপশন হবে। বাস্তু বহুতল ভবন, সেখানে আলিয়া ও রণবীর দুজনেরই অ্যাপার্টমেন্ট রয়েছে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে রিসেপশন পার্টিতে অতিথির সংখ্যা কমিয়ে আনা হয়েছে। ১০০ জনকে নিমন্ত্রণ করা হয়েছে।