দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, চলচ্চিত্রের কোনো ভাষা নেই, তা আবার প্রমাণ হল। ইরানি পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে তা ভালোভাবে বুঝলাম। গত বিশ দিন যাবত ঢাকার বিভিন্ন লোকেশনে 'ফেরেশতে' নামের একটি সিনেমায় শুটিং করেছেন জয়া। অথচ এই সিনেমার পরিচালক একজন ইরানি। ফার্সি ভাষা ছাড়া তিনি আর কোন ভাষাই বোঝেন না। কিন্তু তার সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি জয়ার।
শনিবার এই সিনেমা বিষয়ক এক সংবাদ সম্মেলনে জয়া এ সব কথা বলেন।
ইরান ও বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশে বাংলা ভাষায় মুক্তি পাবে, ইরানে যখন মুক্তি পাবে তখন ইরানি ভাষায় সাবটাইটেল থাকবে। সিনেমাটিতে ভাষা বিশেষজ্ঞ হিসেবে উপদেষ্টা হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক মুমিত আল রশিদ।
শনিবারও (২৩ এপ্রিল) বিকেল পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আবাসিকের ড্রিমল্যান্ড রিসোর্টে শুটিং করেছেন। শুটিং শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে সিনেমাটির বিষয়ে কথা বলেছেন জয়া আহসান ও সিনেমা সংশ্লিষ্টরা।
জয়া আহসান মনে করেন, এই সিনেমাটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। তিনি বলেন, সিনেমার শুটিংয়ে অনেক জায়গায় গেছি, কিন্তু এই সিনেমার মেকাপে আমাকে কেউ চিনতে পারেনি। যাদের আমি প্রতিনিয়ত চোখের সামনে দেখি, এমনই এক সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছি এখানে। সিনেমাটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।