কেকে আর শান। ভীষণ ভালো বন্ধু ছিলেন দুজনে। কেকের আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে তার বলিউড-সতীর্থ শানকে। এবার শানকে নিয়ে উদ্বেগে তার পরিবার। কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদ্রোগে কেকের মৃত্যুর ক্ষত এখনো টাটকা।
তার মতো এত স্বাস্থ্যসচেতন মানুষের এমন অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সতীর্থ থেকে অনুরাগী কেউই। বলিউডের জনপ্রিয় নেপথ্য গায়কের প্রিয় বন্ধুদের অন্যতম ছিলেন শান।
কৃষ্ণকুমার কুন্নাথের পরিণতি দেখে এবার তাকে নিয়েও চিন্তিত শানের পরিবার। ভারতীয় সংবাদমাধ্যমকে শান জানান, কেকে-কে অকালে হারিয়ে তিনি নিজে যেমন ভেঙে পড়েছেন, তেমনি উদ্বেগ বেড়েছে তার পরিবারেরও। গায়কের কথায়, ‘আমার দুই ছেলে জোর করে আমায় হার্টের পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠিয়েছে। আসলে কেকের এমন মৃত্যু দেখে ভয় পেয়ে গিয়েছে ওরাও।’ সাক্ষাৎকারে শান জানান, কেকে-কে বরাবরই নিজের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে দেখেছেন তিনি।
গায়কের দাবি, যত টাকারই প্রস্তাব আসুক, মাসে কিছুতেই আটটার বেশি শো করতে রাজি হতেন না কেকে। তার পরও এভাবে হৃদ্রোগে তাকে প্রাণ হারাতে দেখে বিস্মিত শানও। শানের দাবি, এ ধরনের পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানমঞ্চের পাশে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা খুব জরুরি। তার মতে, গানের শো করতে অনেক রকম অনুমতি নিতে হয়, খরচও হয় বিপুল। কিন্তু দুর্ঘটনা এড়াতে এ ধরনের জরুরি ব্যবস্থারও যে প্রয়োজন, তা-ও ভাবতে হবে আয়োজকদের।