চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নায়িকা মৌসুমীকে হয়রানি, বিরক্ত করার পাশাপাশি সংসার ভাঙার কৌশলের যে অভিযোগ করেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি, তা অস্বীকার করেছেন মৌসুমী নিজেই। শুধু তাই নয় মৌসুমী জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে অসম্মান করেনি। জায়েদ খানকে তিনি আজ এক অডিও বার্তায় ‘ভালো ছেলে’ উল্লেখ করেছেন।
মৌসুমীর এই অডিও বার্তার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন জায়েদ খান। এমনকি তিনি মৌসুমীকে ধন্যবাদও জানিয়েছেন।
জায়েদ খান গণমাধ্যমে বলেছেন, ‘আপা (মৌসুমী) সব পরিষ্কার করে দিয়েছেন। আপাকে ধন্যবাদ।’
এ সময় ওমর সানীর ওপর তার আর কোনো ক্ষোভ আছে কিনা জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘ওমর সানী ভাইয়ের ওপর আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। উনি সিনিয়র মানুষ। আমি যে সঠিক ছিলাম, আজকে আপার বক্তব্যই তা প্রমাণ করে।’
গত শুক্রবার রাতে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানের ওপর চড়াও হন ওমর সানী। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চিত্রনায়কের দাবি, তিনি জায়েদকে চড় মেরেছেন। পরে জায়েদ পিস্তল বের করে খুনের হুমকি দেন। ওমর সানীর মূল অভিযোগ ছিল মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করছেন জায়েদ।