দেশের নেত্রকোনা-মোহনগঞ্জে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা নাজমুল হক বাপ্পী। তিনি বানভাসিদের জন্য নগদ অর্থ , প্রাথমিক ঔষধ ,শুকনা খাবার নিয়ে পৌঁছে দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যক্তিগত ভাবে এক হাজার মানুষের জন্য কিছু সহায়তা দেয়ার চেষ্টা করছি। আমি আপনাদের মাধ্যমে দেশের সকল মানুষকে বলতে চাই তারা যেন এই সময়ে পাশে দাঁড়ায়। একটা চরম সংকটে আছি আমরা।
এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা প্রাকৃতিক দুর্যোগ। দেশের এই সংকটময় মুহূর্তে সবার মত দেশের শিল্পীদের অবশ্যই পাশে থাকতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পাশে দাড়াতেই পারি।
কিছুদিন আগে চিত্রকর ও নির্মাতা বাপী জানান ব্যক্তিগত ভাবে নগদ অর্থ এবং নিজের করা পেইন্টিং বিক্রি করে বানভাসি মানুষদের পাশে দাঁড়াবেন তিনি। সেই কথার প্রেক্ষিতেই আজ তিনি নেত্রকোনা ও মোহনগঞ্জের অর্থ সহায়তা,খাবার নিয়ে বের হয়েছেন।
সমাজের সকলের উদ্দেশ্যে বাপ্পী বলেন, নিজ সামর্থ্য অনুযায়ী সিলেটের মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে। এবার একটু এদিকে নজর দেই। এদিকেও মানুষ নাজেহাল হয়ে গেছে পানিতে।