বন্যার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে নাট্যসংগঠন স্বপ্নদল। তাদের জনপ্রিয় প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বুধবার (২৯ জুন) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
প্রদর্শনীর অগ্রিম টিকিট কিংবা ব্যক্তিগতভাবে বন্যাদুর্গতদের সহায়তা করতে স্বপ্নদলের সঙ্গে এই নম্বরে (০১৭১৮ ৯০২০১৮) যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে।

‘চিত্রাঙ্গদার’ মঞ্চায়ন
স্বপ্নদলের প্রযোজনার মাধ্যমেই প্রথম আধুনিক মঞ্চে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে।
এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয় মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা, অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন।
এবার অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে- অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?
এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়।
এদিন প্রযোজনাটির ৯১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
‘চিত্রাঙ্গদা’ প্রযোজনায় অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, রানা, জেবু, হ্যাপী, সামাদ, ঊষা, হাসান, আলী, বিপুল, নিসর্গ, সুমাইয়া, মাসুদ, সুকুমার, টিটু, বিমল, অনিন্দ্য প্রমুখ।
স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়।
সম্প্রতি স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ ভারতের দিল্লিস্থ ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত খ্যাতনামা ‘ভারত রঙ্গ মহোৎসব ২০২২’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।