বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ারের জন্মদিন আজ। বেঁচে থাকলে ৭২ এ পা দিতেন কবরী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা। তবে এই বিয়োগব্যথা নিয়ে তাকে স্মরণ করবে তার পরিবার, সহকর্মী ও ভক্তরা।
১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেন অভিনেত্রী কবরী। তার আগের নাম ছিল মিনা পাল। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে।
১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে ওঠেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিতি পান তিনি।
দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে 'নীল আকাশের নিচে', 'ময়নামতি', ‘সুজন সখী’, ‘স্মৃতিটুকু থাক’, ‘সারেং বউ’, ‘তিতাস একটি নদীর নাম’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে ‘আয়না’নামে একটি চলচ্চিত্রের পরিচালনার মধ্য দিয়ে নির্মাণে অভিষেক ঘটে কবরীর। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে ‘এই তুমি সেই তুমি’ নামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ হাত দিয়েছেন তিনি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কবরী।
এদিকে কিংবদন্তি এ শিল্পীর জন্মদিনে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে সাতটায় কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
তিনি বলেন, ‘কবরী ম্যাডামের জন্মদিনে তাকে স্মরণ করার জন্যই আমাদের এ আয়োজন। তাই একেবারেই নিজস্ব পরিসরে তার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।’