৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারাত্মক গাড়ি দুর্ঘটনায় জখম হন জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী অ্যানি হেচে। হাসপাতালে ভর্তি করানোর পর তিনি কোমায় চলে যান। ৫৩ বছর বয়সী এ অভিনেত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক।
ওয়েস্ট হিল হাসপাতালের গ্রসম্যান বার্ন সেন্টারে চিকিৎসারত এ অভিনেত্রীর বাঁচার আশা ছেড়ে দিয়েছে তার পরিবার। হেচের পরিবারের সদস্যরা মার্কিন সংবাদমাধ্যমকে জানান, অ্যানের সেরে ওঠার জন্য সবাই যেভাবে প্রার্থনা করেছেন সে জন্য আমরা কৃতজ্ঞ। হেচের খুব ইচ্ছা ছিল তার মৃত্যুর পর মরণোত্তর অঙ্গদানের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মার ভিস্তা এলাকায় হেচের গাড়ি একটি বাড়িতে ধাক্কা দিলে দুর্ঘটনায় আগুন ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত অভিনেত্রীকে হাসপাতালে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় অভিনেত্রীর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে।
শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি ফুসফুসে আঘাত থাকায় ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। হয়েছে অস্ত্রোপচারও। চিকিৎসাধীন অবস্থায় কোমায় চলে যাওয়ার পর এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি তার।
উল্লেখ্য, দ্য ব্রেভ, শিকাগো পিডির মতো একাধিক টেলিভিশন সিরিজে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এছাড়া সিক্স ডেজ সেভেন নাইটস, ওয়াগ দ্য ডগ, জনপ্রিয় ধারাবাহিক অ্যানাদার ওয়ার্ল্ডেতেও দেখা গেছে তাকে। থ্রিলার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও অভিনয় করেছেন এই মার্কিনী অভিনেত্রী।