বলিউড অভিনেতা রণবীর সিং সোমবার (২৯ আগস্ট) সকাল ৭টায় থানায় হাজিরা দিতে গিয়েছিলেন। দীর্ঘ আড়াই ঘণ্টা তিনি থানায় কাটান। এই দীর্ঘ সময়ে পুলিশের নানা প্রশ্নের উত্তরে তিনি যা বলেছেন তার সারমর্ম প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে চারদিকে।
এ সময় তার সব বক্তব্য রেকর্ড করে পুলিশ কর্তৃপক্ষ। থানায় তিনি বলেছেন, তিনি জানতেন না যে এই ফটোশুট তার জীবনে এত সমস্যা তৈরি করবে। এরপর তিনি যে বক্তব্য দেন তা রীতিমতো বোমা ফাটানোর মতো।
রণবীর বলেন, নগ্ন সে ফটোশুট তিনি নেট দুনিয়ায় আপলোড করেননি। তাহলে এই ছবি কীভাবে নেটপাড়ায় ছড়াল সে বিষয়টি নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে।
তার এই বক্তব্যের পর বিষয়টি নতুন করে আবার তদন্ত করতে মাঠে নামবে পুলিশ কর্তৃপক্ষ। তাই রণবীরকে বয়ান দিতে আবারও থানায় যেতে হতে পারে বলে জানায় মুম্বাই পুলিশ।
জনপ্রিয় একটি ম্যাগাজিনে নগ্ন ফটোশুটের পর ২৬ জুলাই মুম্বাইয়ের চেম্বুর থানায় চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা করেন এক নারী আইনজীবী। এর ভিত্তিতে মুম্বাই পুলিশ বলিউড অভিনেতা রণবীরকে ২২ আগস্টের মধ্যে থানায় হাজিরা দিতে নির্দেশ দেয়।
কিন্তু নির্দিষ্ট তারিখে হাজিরা দিতে অসমর্থ হন এই ‘গাল্লি বয়’ অভিনেতা। অবশেষে সোমবার থানায় হাজিরা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করেন মুম্বাই পুলিশ।