সামাজিক দায়বদ্ধতা থেকে বড় অংকের অফার ছাড়লেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি একটি পান-মসলার বিজ্ঞাপন করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। অথচ ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে এর আগে কাজ করতে দেখা গেছে নামিদামি তারকাদের।
বিজ্ঞাপনটিতে কাজ না করার কারণ সত্যি অবাক করার মতো। কার্তিক স্পষ্টভাবে সেই বিজ্ঞাপন সংস্থাকে জানিয়েছেন, সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে, তাই কোনোভাবেই এই বিজ্ঞাপন তিনি করবেন না।
বলি নায়কের এমন বক্তব্যে জানা যায়, পান-মসলার ওই ব্র্যান্ডটি তামাকজাত দ্রব্যও বিক্রি করে। তাই নিজের ইমেজের কথা ভেবে বিজ্ঞাপন থেকে পিছিয়ে এসেছেন তিনি।
অথচ এই বিজ্ঞাপন ব্র্যান্ডে অভিনয় করতে দেখা গেছে অক্ষয়, শাহরুখ আর অজয় দেবগণকে। এমন পরিস্থিতিতে বিতর্কে জড়িয়েছেন বিজ্ঞাপনে অভিনয় করা সেসব তারকা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিতর্কে মুখ খুলেছেন অক্ষয়। তিনি লেখেন, আমি দুঃখিত। আমি আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিজ্ঞাপনে অভিনয় করার জন্য যে টাকা তিনি পেয়েছেন, তা কোনো ভালো কাজে দান করার কথাও তিনি ভক্তদের জানিয়েছেন।
এ অভিনেতা আরও বলেন, চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি এরপরও চলতে পারে। পাশাপাশি ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত মনোযোগী হবেন বলেও আশা ব্যক্ত করেন এই অভিনেতা।
এদিকে তামাকজাত পণ্যের সঙ্গে সম্পর্কিত এমন সংস্থার বিজ্ঞাপনে অভিনয় না করে এত বড় অঙ্কের টাকা হাতছাড়া করায় নেটিজেনদের মন জিতে নিয়ে বাস্তবেও হিরো হয়ে উঠেছেন বলিউডের এই হ্যান্ডসাম নায়ক কার্তিক আরিয়ান।