অবশেষে ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন শাহ হুমায়রা সুবহা। ‘বসন্ত বিকেল’ শিরোনামে সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন শিপন মিত্র। আসছে ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রকাশ পায় সিনেমাটির টাইটেল গান ‘একটা বসন্ত বিকেল’। গানটির সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও তরুণ কণ্ঠশিল্পী সুধা। গীতিকবি কবির বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। প্রকাশের পর থেকেই গানটি প্রশংসিত হচ্ছে।
নিজের প্রথম সিনেমা মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবহা। তিনি বলেন, এটা আমার জন্য ভীষণ আনন্দের। এই সিনেমায় কাজ করতে গিয়ে পুরো টিমের সবাই অনেক কষ্ট করেছেন। সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা ‘বসন্ত বিকেল’ দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আর মানুষের যেকোনো প্রথমের প্রতি বাড়তি আগ্রহ থাকে। আমার জীবনের প্রথম সিনেমা এটি। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো, সব কিছু স্বপ্নের মতো ছিল। সিনেমাটি দর্শক গ্রহণ করলেই সব শ্রম সার্থক হবে।
পরিচালক রফিক শিকদার জানান, পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, তানভীর তনু, শাহনূর, সুচরিতা, ববি, শিশু শিল্পী রাইসা ও আনন্দ, শিবা শানু ও ডন।
এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মোস্তাফিজুর রহমান মানিক, দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা তানহা তাসনিয়া, চিত্রনায়ক আমান রেজা ও সঙ্গীতশিল্পী লোপা হোসাইন।