কয়েকদিন ধরে শাকিব-বুবলী ইস্যুতে দেশের সোশ্যাল মিডিয়া থেকে সিনেপাড়া সবই সরগরম। ছেলের ছবি প্রকাশের পর শাকিব-বুবলীর বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ জানালেন বুবলী।
সোমবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ২৬ মিনিটে তার ভেরিফায়েড পেজে তিনটি ছবি শেয়ার করেছেন বুবলী। ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে তাকে। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
প্রকাশের পর নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন বুবলীর পোস্টে। অভিনন্দনবার্তায় ভরিয়ে দিয়েছেন কমেন্টসবক্স।

ছবি সংগৃহীত
গত ২৭ আগস্ট বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন শবনম বুবলী। যদিও সন্তানের বাবার নাম সেই সময় প্রকাশ করেননি তিনি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরলে এ নায়িকা শিগগিরই বিষয়টি খোলাসা করবেন বলে জানান।
শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর। ছেলের বাবা শাকিব খান।
এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান। আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্যও এক।
পোস্ট দুটির বিষয়ে গণমাধ্যমে শুক্রবার শাকিব খান বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার ও বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
এবার একই কথা বললেন শবনম বুবলীও।
তিনি বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিবের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
এর আগে আলাদা আলাদা পোস্টে বুবলী ও শাকিব খান লেখেন— ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর— আমার এবং বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’