পঁচাত্তরের প্রতিবিপ্লবী শক্তি এখনো শেষ হয়ে যায়নি—উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, তাদের বিরুদ্ধে জিততে না পারলে জাতি হিসেবে বাঙালি পিছিয়ে যাবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, শিক্ষা হতে হবে আলোকিত মানুষ হওয়ার জন্য।
সভাপতির বক্তৃতায় রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবজ্জ্বল অতীতের কথা তুলে ধরেন।
আব্দুল হামিদ বলেন, পঁচাত্তরের প্রতিবিপ্লবীর বিরুদ্ধে লড়াইয়ে জিততে না পারলে পিছিয়ে যাবে জাতি।
এসময় রাষ্ট্রপতি শিক্ষার পরিবেশ বজায় রেখে ইতিবাচক রাজনীতির চর্চায় ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ।
এবারের সমাবর্তন বক্তা ছিলেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্নের মহাপরিচালক অধ্যাপক ড. রলফ ডিটার হয়ার। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া হয় সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি। সমাবর্তনের উদ্বোধন করে তার হাতে ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
পরে সমাবর্তন বক্তৃতায় ড. হয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন বোসের কৃতিত্বের কথা তুলে ধরে বলেন, মানুষের কল্যাণে বিজ্ঞানের গবেষণাকে কাজে লাগাতে হবে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনকে ঘিরে পুরো ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। শিক্ষার্থীদের মাঝেও ছিল প্রাণচাঞ্চল্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, সমাবর্তনে আসা স্নাতকদের সঙ্গে নিয়ে আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্বে কার্জন হল থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা।
এবার সমাবর্তনে ৮ হাজার ৩১২ জন শিক্ষার্থীকে স্নাতকসহ বিভিন্ন ডিগ্রি প্রদান করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: