বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী সাদ ইবনে মোমতাজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও দুই জনকে ৪ বছর ও একজনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার সাড়ে ১১টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিস্কার হওয়া শিক্ষার্থী হলেন : এমএসইন ফিন্যান্স বিভাগের রেজাউল করিম রেজা, মৎস্য বিভাগ অনুষদের রোকনুজ্জামান রোকন ও সুজয় কুমার কুন্ডু।
এছাড়া, কৃষি অর্থনীতি অনুষদের নাজমুল শাহদাৎ রাসেল ও একই বিভাগের দেওয়ান মোহাম্মদ মুকরাদকে ৪ বছর এবং অন্তর চৌধুরীকে ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সাদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ৬ শিক্ষার্থীকে সনাক্ত করে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের কাছে তাদের রিপোর্ট জমা দেয়। রিপোর্টে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।
এদিকে, সাদ হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে ৮ম দিনের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
উল্লেখ্য, আশরাফুল হক হলের ছাত্র এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের ক্লাস প্রতিনিধি ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজকে গত ৩১ মার্চ পিটিয়ে গুরুতর আহত করে তার সহপাঠীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরদিন সকাল ১১টায় তিনি মারা যান।
বেধড়ক পিটুনিতে লিভার ফেটে ও মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছাত্রলীগের আসন্ন অনুষদীয় সহসভাপতি নির্বাচন ও ৩০ মার্চের ক্লাস-পরীক্ষাকে কেন্দ্র করে সুজয় ও রোকনুজ্জামান এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তার সহপাঠীরা।