ঢাকা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সার্বিক তদন্তের জন্য ৭ সদস্যের একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানান মন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসেইনের নেতৃত্বে গঠিত এ কমিটিতে রয়েছে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে ২ জন যুগ্মসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (কলেজ), শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ) ও ঢাকা বোর্ডের পরিদর্শক (বিদ্যালয়)। কমিটিকে ১৫ কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়। বুধবার রাতে হঠাৎ করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়। সারাদিন বিভিন্ন মহল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। মুঠোফোনের এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
পরে ঢাকা বোর্ড বিষয়টি জানতে পেরে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্র মিলিয়ে প্রাথমিকভাবে এর সত্যতা খুঁজে পায়। এ কারণে শুধু ঢাকা বোর্ডে বৃহস্পতিবারের এ পরীক্ষাটি স্থগিত করা হয়।