চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিষয়ে গুজব না ছড়াতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিষয়ে দয়া করে কেউ গুজব ছড়াবেন না— কারো কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাদের দিন। তবে অনুষ্ঠিত হয়ে যাওয়া কোনো পরীক্ষা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াবেন না। এতে পরীক্ষার্থীদের মারাত্মক ক্ষতি হতে পারে বলে জানান মন্ত্রী ।
প্রশ্নফাঁস বিষয়ে এতো গুজব ছড়ানো হচ্ছে যে প্রকৃত সত্য খুঁজে বের করা কঠিন হয়ে যাচ্ছে—একথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনুষ্ঠেয় যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে যে কেউ তা প্রশাসন বা আমাদের জানাতে পারেন।
প্রশ্নপত্র ফাসেঁর গুজব ছড়িয়ে অসাধু কোনো চক্র ব্যবসা করছে বলেও এ সময় মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
গত ১০ এপ্রিল ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সে পরীক্ষা স্থগিত করা হয়। পরে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। বৃহস্পতিবার ওই কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।