রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা টগর ও মাসুদের ওপর শিবিরের হামলার প্রতিবাদে সারাদেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা ও বিভাগীয় সদরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের করা হয়।
শ্লোগানে শ্লোগানে শিবিরের এ বর্বর হামলার নিন্দা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে সমাবেশ করে অপরাজেয় বাংলার সামনে। এসময় ছাত্রলীগ নেতারা টগর ও মাসুদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায়।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বক্তারা শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সালেহ মো. টগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক এবং ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগকর্মী আবদুল্লাহেল মাসুদ ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গতকাল শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলের মাঝামাঝি স্থানে তাদের ওপর এ বর্বর হামলা চালায় শিবির কর্মীরা।