বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি এবং এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জড়িত থাকার অভিযোগ আবারো প্রত্যাখ্যান করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠকে এ কথা বলেন তিনি।
তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি টিআইবির এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।
বৈঠকে টিআইবির গবেষণা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হয় বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান তিনি।
টিআইবির প্রতিবেদনকে আবারো বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে অভিহিত করে মন্ত্রী ওই প্রতিবেদনের অভিযোগ মিথ্যা প্রমাণ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
মন্ত্রীর আশঙ্কা, ওই প্রতিবেদনের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষ আস্থা হারাতে পারে।
গত সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে সনদ, পাঠ্যক্রম, কোষাধ্যক্ষ নিয়োগ, বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে মোটা অংকের অর্থ লেনদেন হয়ে থাকে।
প্রতিবেদনটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েও এসব অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পরে বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে টিআইবির তীব্র সমালোচনা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।