জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বিসিএস প্রিলিমিনারি পদ্ধতির মতই অনুষ্ঠিত হবে।জবিতে বিসিএস প্রিলিমিনারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সোমবার দুপুর ১২টা থেকে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে এ আবেদন কার্যক্রম শুরু হবে। আগামী ২৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত এ আবেদন করা যাবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটক অপারেটরে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ৩৫০ টাকার বিনিময়ে আবেদন করতে হবে। শুধু ই ইউনিটের আবেদনের ক্ষেত্রে ৪৫০ টাকা ফি নির্ধার করা হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১২ সেপ্টেম্বর এ, ১৩ সেপ্টেম্বর ই, ১৯ সেপ্টেম্বর বি এবং ২৬ সেপ্টেম্বর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রতিবছরের মত এবারও সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩টা থেকে শুরু হবে।
অন্যান্য বছরের থেকে এ বছর ভর্তি পরীক্ষা ও ভর্তি পদ্ধতি এবং আসন বিন্যাসে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অন্যান্য বছর যেখানে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিতে ছবি সংযুক্ত করে প্রবেশপত্র হিসাবে ব্যবহার করা হত। এ বছর প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করতে হবে।
প্রতিবছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চয়েজ ফরম পুরণ করার জন্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ডাকা হলেও এ বছর অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করার সময়ই শিক্ষার্থীকে চয়েজ ফর্ম ( বিসিএস এর ক্যাডার চয়েজের মতন) পুরণ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
ইউনিট ভিত্তিক বিভাগ সমুহের আসন : এবছর পাঁচটি অনুষদের মধ্যে এ ইউনিটে ৭৯০টি, বি ইউনিটে ৭১০টি, সি ইউনিটের ৬২০টি, ডি ইউনিটে ৫৪০টি এবং ই ইউনিটে মোট ১০০টি আসনসহ সর্বমোট ২৭৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানর রহমান সাংবাদিকদের বলেন, এ বছর জবির ভর্তি পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পদ্ধতির মত হবে। গত বছর ভর্তি পরীক্ষার সময় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠায় এবছর এদুটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে না। সূত্র সমকাল