আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। এ ঘটনায় মাওলানা ভাসানী হলের গেটে ছাত্রলীগের দুই গ্রুপ তালা লাগিয়ে দিয়েছে।
গুরুতর আহত ৭ জনকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় একজনকে স্থানান্তর করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ,ভোর সাড়ে ৪টার দিকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ গ্রুপ দলবল নিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদের ওপর।
অতর্কিতে এ হামলায় সময় কুপিয়ে আহত করা হয় বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ও সদস্য রকনুজ্জামান সবুজকে। এতে আহত হয় ছাত্রলীগ কর্মী আকিব, সুজন, জহির, মারুফ, আরিফসহ ১৩ জন।
আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। পরে গুরুতর আহতদের নেয়া হয় সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় এদের মধ্যে ৩৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর আতংক আর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। বর্তমানে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
অনিন্দ গ্রুপ হলের ছাদে এবং হুমায়ুন কবির গ্রুপ হলের বাইরে অবস্থান করায় ফের সংঘর্ষের আশংকা করছেন সাধারণ শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বৈঠকে বসেছেন প্রক্টর, হল প্রোভোস্ট ও ছাত্রলীগের নেতারা।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।